গৌরনদীতে বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ দুইজন নিহত, তিনজন গুরুতর আহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম: ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদীতে খুলনাগামী একটি বাস ও বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে গৌরনদী উপজেলার বড় কসবা কাজী আব্দুল আউয়াল জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন ঢাকার নিউ মার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৫)। তিনি কুয়াকাটার ‘আনন্দ বাড়ি গেস্ট হাউস’ নামের একটি আবাসিক হোটেলের ব্যবসায়ী ছিলেন এবং বরিশাল শহরের কালিবাড়ী মহল্লার বাসিন্দা বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তি মাইক্রোবাস চালক মো. রিপন। তবে তার বিস্তারিত পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। নিহত ইলিয়াস হোসেনের স্ত্রী জানান, কিছুদিন আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামীর আকস্মিক মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন।

আহতরা হলেন ঢাকার খিলক্ষেত এলাকার মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুর এলাকার নুরুজ্জামান (৪২) এবং বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী একটি বাসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন মারা যান।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!