মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ভারতে হোলি উৎসব উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে থেকে দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়।
এর আগে বুধবার (৪ মার্চ) ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হোলি উদযাপন উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন। এর ফলে ওইদিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম মন্ডল জানান, হোলি উৎসবের কারণে ভারতীয় ব্যবসায়ীরা একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন। তবে আজ বৃহস্পতিবার দুপুর থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে বন্দরে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি চলছে এবং বন্দর এলাকায় লোড-আনলোডসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানায়, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
