পিরোজপুর-২ এ সুমনের জয়: মিছিল নয়, ছারছিনা জুমায় এসে দোয়ার আহ্বান

বদরুজ্জামান সুজন, নেছারাবাদ উপজেলা : পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন বিজয়ের পর সংযম ও দায়িত্বশীলতার বার্তা দিয়েছেন। তিনি সমর্থকদের উদ্দেশে বিজয় মিছিল না করার আহ্বান জানিয়ে পবিত্র জুমার নামাজ শেষে দেশের কল্যাণে দোয়া করার অনুরোধ করেন।

বিজয়োত্তর এক বক্তব্যে তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে এই বিজয় অর্জিত হয়েছে এবং ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার ফলেই জনগণের আস্থা অর্জন সম্ভব হয়েছে। তিনি পিরোজপুর-২ আসনকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নবনির্বাচিত এই এমপি বলেন, “নানা চক্রান্ত ও বাধা আমাদের দমিয়ে রাখতে পারেনি—ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না।” তিনি দলীয় নেতা তারেক রহমান-এর নির্দেশনার কথা উল্লেখ করে জানান, কোনো ধরনের বিজয় মিছিল করা হবে না। সংযম, শালীনতা ও দায়িত্বশীল আচরণই প্রকৃত বিজয়ের সৌন্দর্য বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় ও মাজার জিয়ারত করতে তিনি নেছারাবাদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ছারছিনা দরবার শরীফ-এ উপস্থিত হন। নামাজ ও মাজার জিয়ারত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জনগণের কল্যাণে দোয়া কামনা করেন।

তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে আমরা যেন আল্লাহর রহমত লাভ করি এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সফল হতে পারি—সেজন্য সবাই দোয়া করবেন।”

নির্বাচনী বিজয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরোক্ষভাবে ভূমিকা রাখা দলীয় নেতাকর্মী, সমর্থক ও পিরোজপুর-২ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান আহম্মদ সোহেল মনজুর সুমন।
তিনি সবার সহযোগিতায় এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

error: Content is protected !!