গৌরনদীতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন বাড়ি বাড়ি কম্বল বিতরণে ইউএনও মোঃ ইব্রাহিমের মানবিক উদ্যোগ

কনকনে শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গৌরনদী উপজেলা প্রশাসন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কাসেমাবাদ, হাই মার্কেট, গেরাকুল হেলিপোর্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই মানবিক কার্যক্রমের নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ভূমি সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

শীতের তীব্রতা উপেক্ষা করে ইউএনও নিজে মাঠে নেমে পথের ধারে খোলা আকাশের নিচে রাত কাটানো, ছিন্নমূল ও ঘরহীন মানুষের হাতে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, শীতের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রকৃত অসহায় মানুষ যেন কোনোভাবেই অবহেলিত না হয়, সেদিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

কম্বল পেয়ে উপকৃত মানুষগুলো উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের এমন সহানুভূতিশীল উদ্যোগ তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করেছে।

স্থানীয়দের মতে, তীব্র শীতে এভাবে সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে কম্বল বিতরণ উপজেলা প্রশাসনের মানবিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এই উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার আলো জ্বালিয়েছে বলে মনে করছেন তারা।