মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ভারতে আনন্দ-উচ্ছ্বাসে হোলি উৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। যার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার।
বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম মন্ডল। তিনি জানান, হোলি হলো হিন্দু সম্প্রদায়ের একটি উৎসব।যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। দিনটি উদযাপন উপলক্ষে আজ ভারতে সরকারি ছুটি থাকায় সেদেশের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একারণে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বাংলাদেশ অংশে বন্দরে পণ্য লোড-আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
তিনি আরও জানান, কাল বৃহস্পতিবার থেকে ফের আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হবে। এদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে পাসপোর্ট যাত্রীরা এই দুই দেশের মধ্যে আসা-যাওয়া করতে পারবেন।
