পিরোজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ কামরুল আহসান সোহাগ, পিরোজপুর

পিরোজপুর থেকে ছেড়ে আসা পাটগাতিগামী ‘আল মদিনা’ নামের লোকাল পরিবহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। পিরোজপুর-ঢাকা মহাসড়কের হাওলা নামক এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আল মদিনা’ নামের লোকাল পরিবহনটি একটি ভ্যানগাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত চারজন যাত্রী আহত হন। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আহতদের দ্রুত উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এ এইচ এম মোস্তফা কায়সার জানান, দুর্ঘটনায় আহত চারজনকে তাদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অপর দুজন—একজন পুরুষ ও একজন নারী—প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply