বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে চোরাই গরু পিকআপসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার(১১ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুইছড়ি এলাকার বাসিন্দা জিয়া উদ্দীনের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি হয়।
পরে রাত্রীকালীন টহলের সময় রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোঃ মোরাদ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। রাত সাড়ে ৩টার দিকে কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সিরহাট বাজার জামে মসজিদের সামনে একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে চোরাইকৃত গাভীটি উদ্ধার করা হয়। এ সময় গাভী চুরির অভিযোগে দুজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূর্ব পুইছড়ি এলাকার নাহার বাপের বাড়ির বাসিন্দা মোঃ ফজল কাদের (২০) এবং একই ইউনিয়নের দক্ষিণ পাড়ার পারভীন বাপের বাড়ির বাসিন্দা পিকআপচালক মোঃ ফোরকান (২৭)। পুলিশ জানায়, চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে এবং উদ্ধার হওয়া গাভীটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন, রাত্রীকালীন টহলের সময় চোরাই গাভীসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
