আহমেদ হেলাল দিরাই,সুনামগঞ্জ থেকে |
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশ হেফাজতে থাকা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও সহযোগীরা। আজ সোমবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামে এ নজিরবিহীন ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করতে আজ দুপুর ১২টার দিকে উপজেলার জগদল ইউনিয়ন এর হুসেনপুর গ্রামে অভিযানে যান দিরাই থানার এসআই হেলাল ও এসআই বিল্লাল। পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করে হাতকড়া পরালে তার আপন চাচা নুরুল ইসলাম ও তার অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধস্তাধস্তি করে তারা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
আসামি ছিনতাইয়ের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যে লায়েক মেম্বারের বিশেষ সহযোগিতায় ছিনিয়ে নেওয়া সরকারি সম্পদ ‘হাতকড়া’ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে অভিযুক্ত আসামি সাজ্জাদ ও তাকে ছিনিয়ে নেওয়ায় জড়িতরা এখনো পলাতক রয়েছে।
পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ জানিয়েছে।
এই ঘটনার পর থেকে হুসেনপুর গ্রাম ও আশপাশের এলাকায় স্থানীয়দের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
