শ্রীমঙ্গল প্রতিনিধি: পর্যটন শহর শ্রীমঙ্গলের সড়ক ও জনপথ থেকে নিজ হাতে নির্বাচনী প্রচারণার সব সামগ্রী অপসারণ শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। নির্বাচনে জয়ের পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার দুপুরে শহরতলীর লালবাগ এলাকায় একটি ব্যানার নিজ হাতে খুলে ফেলার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের এই এমপি। এসময় তার সাথে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযানকালে নবনির্বাচিত এমপি হাজী মুজিব সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের সৌন্দর্য রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, “নির্বাচনের সময় ভোটার ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা ব্যানার-পোস্টার ব্যবহার করেছিলাম। এখন নির্বাচন শেষ, তাই শহরের সৌন্দর্যে যেন কোনো বাধা না থাকে—সেজন্য দ্রুত সেসব সরিয়ে ফেলা উচিত।”
এসময় তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, “আমি নিজ হাতে এই কাজ শুরু করেছি। আমি আশা করব, সবাই নিজ নিজ এলাকা থেকে দ্রুত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করবেন। একটি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”
শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এমপি মুজিব বলেন, “এটি শুধু আমার নয়, সবার স্বপ্নের একটি পর্যটন শহর। এখানে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকরা যাতে মুগ্ধ হয়ে বলেন, ‘বাংলাদেশ সত্যিই সুন্দর’—সেই লক্ষ্যে কাজ করতে চাই। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের আছে, এখন চাই সম্মিলিত উদ্যোগ। সবাই মিলে কাজ করলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ হবে বাসযোগ্য ও দৃষ্টিনন্দন একটি পর্যটন কেন্দ্র।”
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, নির্বাচন পরবর্তী সময়ে এমপি নিজে এই উদ্যোগ গ্রহণ করায় এলাকায় সচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিচ্ছন্ন নগরী গড়ার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
