বদরুজ্জামান সুজন,নেছারাবাদ উপজেলা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ১২৮, পিরোজপুর-২ (নেছারাবাদ) আসনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন-পরবর্তী এক আনুষ্ঠানিক বার্তায় নেছারাবাদ উপজেলা প্রশাসন এ অর্জনকে স্থানীয় জনগণের সম্মিলিত দায়িত্ববোধ ও গণতান্ত্রিক সচেতনতার ফল হিসেবে উল্লেখ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক এই মহোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নেছারাবাদবাসী যে দায়িত্বশীলতা, সচেতনতা ও সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।
তিনি আরও উল্লেখ করেন, ভোটারদের সক্রিয় ও আন্তরিক অংশগ্রহণ, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের সহমর্মিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দৃঢ় অঙ্গীকারের ফলে নির্বাচন কার্যক্রম মর্যাদা, শৃঙ্খলা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এ সাফল্য কোনো একক প্রতিষ্ঠানের নয়; বরং নেছারাবাদের প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রজ্ঞা, সচেতনতা ও দায়িত্বশীলতার প্রতিফলন।
বিবৃতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত ভোটার, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার-ভিডিপি সদস্য, নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
প্রশাসনের প্রত্যাশা, ভবিষ্যতেও নেছারাবাদবাসী গণতান্ত্রিক চর্চা, সামাজিক সম্প্রীতি ও আইনানুগ পরিবেশ বজায় রাখতে একইভাবে সহযোগিতা অব্যাহত রাখবেন।
