বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নলছিড়া এলাকায় গুচ্ছগ্রামে সন্ত্রাস, নারী নির্যাতন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা সানাউল মৃধা। তিনি অভিযোগ করেন, মোঃ জুয়েল সরদার, তার আত্মীয়-স্বজন ও অনুসারীরা দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। অভিযোগ রয়েছে, এক প্রবাসীর স্ত্রীসহ একাধিক নারীকে হুমকি, হয়রানি ও শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীরা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন এবং থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
বক্তারা আরও দাবি করেন, অভিযুক্তরা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, মানহানিকর প্রচারণা ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত। নলছিড়া মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা, বাজারে চাঁদা দাবি এবং রাজনৈতিক মামলার অপব্যবহারের অভিযোগও তোলা হয়।
এমতাবস্থায় এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলনের বক্তারা। তারা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে জনমনে ক্ষোভ বাড়বে এবং এর বিরূপ প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে
