মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও দুর্য়োগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আজিজ, মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অগ্নিকান্ড বিষয়ক মহড়ার পূর্বে বক্তব্যে ইউএনও তাহমিনা সুলতানা নীলা বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের দেশের মানুষকে নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন বলেন, ভূমিকম্প ও অগ্নিকান্ড ছাড়াও যেকোন দুর্যোগ মোকাবেলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুর্যোগ প্রতিরোধে সম্ভাব্য করণীয়গুলো নিয়ে সাধারণ মানুষজনকে সচেতন করতে হবে। এক্ষেত্রে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।
বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
