অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল মেম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, হয়রানি ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় কাস্তল ইউনিয়নের আনন্দ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কাস্তল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ইউপি সদস্য জামাল মেম্বারের সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে দীর্ঘদিন ধরে তার জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে তাকে এবং তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। এতে করে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামাল মেম্বারের স্ত্রী তাছলিমা আক্তার (৫৫), বৃদ্ধা মা খোদেজা খাতুন (৮০), মেয়ে বৃষ্টি আক্তার (২৫), রফিকুল ইসলাম (৫০), কাজল ভূইয়া (৪৫), মঙ্গু ভূইয়া (৫৫)সহ আরও অনেকে।

বক্তারা অবিলম্বে জামাল মেম্বারের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ দখলের অপচেষ্টা বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা ন্যায়বিচারের দাবি জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।