কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : বিশ্ব নারী দিবস উপলক্ষে পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উদ্দীপনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উদ্দীপনের প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার।
উদ্দীপন পিরোজপুর জোনাল ব্যবস্থাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবিএফ-এর নির্বাহী পরিচালক মাইনুল হাসান মুন্না, বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি খালেদা আক্তার হেনা, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিনার মাহবুব এবং উদ্দীপন পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল সরদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্দীপন সামাজিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় ৬ জন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়া একজনকে অদম্য নারী সম্মাননা এবং দুজনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্য সানজিদা আফরিন সাফা।
পিরোজপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
