‎মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর নিয়ে আইনি নোটিশ

‎নিজস্ব প্রতিবেদক: ‎ মাননীয় হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও মেহেন্দিগঞ্জের ১নং আন্ধার মানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব প্যানেল চেয়ারম্যানকে অর্পণ করার অভিযোগে আইনি নোটিশ প্রদান করা হয়েছে। আদালতের আদেশ অমান্য করায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই নোটিশ পাঠানো হয়। গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে একটি স্মারকলিপির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেন যে, বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে “ক্রমাগত অনুপস্থিত” রয়েছেন। এই কারণ দেখিয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা ভুল ব্যাখ্যা করে প্যানেল চেয়ারম্যান-১ জনাব আবু বকর সিদ্দিককে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
‎ভুক্তভোগী চেয়ারম্যান এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন (নং ২০০৯৪/২০২৫) দায়ের করেন। আদালত মামলার রেকর্ড পর্যালোচনা করে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ওই স্মারকলিপির কার্যকারিতা স্থগিত করেন। “আদালতের স্থগিতাদেশ বলবৎ থাকা অবস্থায় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করার কোনো আইনগত অধিকার নেই। এটি সরাসরি আদালত অবমাননার শামিল।” — আইনি নোটিশে উল্লেখ করা হয়। গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের পরও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, যা আদালতের সুস্পষ্ট অবমাননা। গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আদালতের আদেশের সার্টিফাইড কপিসহ আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রত্যাহার করে মূল চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে আইনজীবীকে অবহিত না করলে, সংশ্লিষ্ট বিবাদীদের বিরুদ্ধে হাইকোর্টে ‘আদালত অবমাননা’ (Contempt of Court) মামলা দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!