কোটি টাকার সড়ক সংস্কার কাজে নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ, তদন্তের দাবি

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধ : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহারঘোনা–মিনজীরিতলা সড়কের ১ কোটি ৩১ লাখ টাকার সংস্কার কাজে নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, নির্ধারিত মান অনুসরণ না করে পাহাড় কেটে আনা মাটি মিশ্রিত বালু দিয়ে কাজ চালানো হচ্ছে, যা প্রকল্পের গুণগত মানকে প্রশ্নবিদ্ধ করছে।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীন ১ দশমিক ৬ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে মেসার্স প্রিউরীলিপ এন্টারপ্রাইজ।

স্থানীয়দের অভিযোগ, সাব-বেজ ও ভরাট কাজে একাধিক ধাপে ভিন্ন মানের বালু ব্যবহার করা হচ্ছে এবং পাহাড় কাটা বালুর সঙ্গে অতিরিক্ত মাটি মিশ্রিত থাকায় সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসী প্রতিবাদ জানালে সাময়িকভাবে ভালো মানের উপকরণ আনার আশ্বাস দেওয়া হলেও পরে আবারও নিম্নমানের উপকরণ ব্যবহারের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়য়ে দ্রুত তদন্তের জন্য বাঁশখালী এলজিইডি (এসজুরি) অফিসের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। একই সঙ্গে বাঁশখালী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, যেন সরেজমিন পরিদর্শনের মাধ্যমে কাজের মান যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

সরকারি অর্থায়নে বাস্তবায়িত ১ কোটি ৩১ লাখ টাকার এ প্রকল্পে মানসম্মত উপকরণ ব্যবহার ও যথাযথ তদারকি নিশ্চিত করা জরুরি। অন্যথায় জনস্বার্থে গুরুত্বপূর্ণ এ সড়ক অল্প সময়ের মধ্যেই পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সচেতন মহলের দাবি—জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা উচিত নয়; স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই কাজ সম্পন্ন করতে হবে।

Leave a Reply