ইন্দুরকানীতে জমি বিরোধে ভাই-বোনের রক্তক্ষয়ী সংঘর্ষ, দা–লাঠির আঘাতে দম্পতি গুরুতর আহত

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পৈত্রিক জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন।
গত সোমবার বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—চরনী পত্তাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে মতিউর রহমান শেখ (৬০) ও তার স্ত্রী ফাহিমা বেগম (৫০)।
গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে মতিউর রহমান শেখের সঙ্গে তার ভাই জাহাঙ্গীর, ছিদ্দিক, আলমগীর ও বোন লিপি বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমির সীমানা ও অংশীদারিত্ব নিয়ে একাধিকবার শালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সোমবার মতিউর রহমান শেখ ঘর নির্মাণের উদ্দেশ্যে ইট এনে নিজের দাবি করা জমিতে রাখেন। এ সময় তার ভাই-বোন ও ভাইজি ইট রাখতে বাধা দেন। বিষয়টি নিয়ে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, প্রতিপক্ষরা দা ও লাঠি দিয়ে মতিউর রহমান ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম করেন। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
আহত মতিউর রহমান শেখ বলেন,
“আমি আমার জমিতে ঘর তোলার জন্য ইট এনেছি। কিন্তু আমার ভাই-বোন ও চাচাতো ভাই বাধা দেয়। ইট সরাতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দেয়। পরে বিকেলে তারা আমার ঘরে ঢুকে আমাকে ও আমার স্ত্রীকে দা ও লাঠি দিয়ে মারধর করে।”
অভিযুক্ত জাহাঙ্গীর, ছিদ্দিক ও আলমগীরের দাবি, তাদের পিতার প্রায় ১০ কাটা জমি মতিউর রহমান অতিরিক্ত ভোগদখল করছেন। তারা ন্যায্য হিস্যা চাইলে বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তাদের ভাষ্য, বড় ধরনের কোনো মারামারি হয়নি; কেবল হাতাহাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা আপান হাওলাদার জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঘটনার সময় তিনি বাজারে ছিলেন; পরে এসে মারামারির কথা জানতে পারেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, পত্তাশী এলাকায় মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!