বদরুজ্জামান সুজন, নেছারাবাদ উপজেলা (পিরোজপুর) : পিরোজ পুরের নেছারাবাদ উপজেলায় চুরির অভিযোগে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে গণপিটুনির পর এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ আল মামুন সবুজ (২৫) উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালিয়ারী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির খানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পরিবারের অভিযোগ, গত ১ মার্চ সকাল ১০টার দিকে গ্রাম চৌকিদার মো. হানিফ, স্থানীয় দোকানদার রুবেল ও আব্দুল হাই সবুজকে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যান। বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, তিনি নাকি দুটি দোকান থেকে সিগারেট ও টাকা চুরি করেছেন। নিহতের মা শাহিদা বেগম বলেন, “আমার ছেলে অটোরিকশা চালিয়ে সংসার চালাত। আমরা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি তাকে বেদম মারধর করা হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাড়িতে ফিরে লজ্জা ও অপমান সইতে না পেরে সে বিষ পান করে।”
স্ত্রী সুমি বেগমের দাবি, জোরপূর্বক মারধর করে তার স্বামীর কাছ থেকে চুরির স্বীকারোক্তি আদায় করা হয়। “আমার বাবার সামনেও তাকে মারধর করা হয়। পাঁচ বছর বয়সি ছেলে জুনায়েদের মাথায় হাত রেখে জিজ্ঞেস করলে সে বলেছিল, সে চুরি করেনি। মিথ্যা অপবাদ সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। আমরা জড়িতদের বিচার চাই,” বলেন তিনি।
অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড চৌকিদার মো. হানিফ বলেন, সবুজ প্রকাশ্যে চুরির কথা স্বীকার করেছিলেন। “ইউনিয়ন পরিষদে এনে তার বিচার করা হয়েছে। পরে শুনেছি, সে বাড়িতে গিয়ে বিষ খেয়েছে,” দাবি তার।
সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শানু বলেন, “সে চুরির কথা স্বীকার করেছিল। উপস্থিত উত্তেজিত জনতা কয়েকটি কিল-ঘুষি দিয়েছে। হয়তো মানসিক কষ্টে আত্মহত্যা করে থাকতে পারে।”
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আব্দুল্লাহ আল মামুন সবুজ নামে এক যুবকের মরদেহ থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রোববার ইফতারের সময় তিনি বিষ পান করেন এবং সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেউ দোষী হলে ছাড় পাবে না,” বলেন তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
