আমিনুল ইসলাম হিরো : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি জলাশয় দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টা টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া নাকাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতরা হলেন আব্দুস সালাম (৫৫), তিনি গোয়ালপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে এবং ইসমাইল হোসেন (৮০), তিনি পাশের জামতৈল গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামে অবস্থিত সরকারি খাশ তিনটা পুকুর ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও অপর পক্ষের আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । এর জের ধরে গতকাল সোমবার সকালে পুকুরে জাল টান দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অন্তত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিপক্ষ আসমত আলী গংদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুই ব্যক্তি বিএনপির সমর্থক ছিলেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।#
