মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি : জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধীনস্থ হিলি সিপি বিওপির উদ্যোগে সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ আসামীবিহীন মাদকদ্রব্য আটক করা হয়েছে।
রোববার (০১ মার্চ) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, আজ ভোর রাতে হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশন সংলগ্ন সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বিশেষ টহল দল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রাতের অন্ধকারে এক অজ্ঞাত ব্যক্তি মাথায় সাদা প্লাস্টিকের বস্তা বহন করে সীমান্ত অতিক্রম করে আসতে দেখা যায়। টহলদল সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে সে বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তা তল্লাশি করে ভারতীয় ইস্কফ সিরাপ ১০০ বোতল, ফেয়ারড্রিল সিরাপ ১২৩ বোতল, ট্যাপেন্ডাডল ট্যাবলেট ৪,০০০ পিস এবং Buprenorphine ইনজেকশন ৩,০০০ পিস উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৯ হাজার ২শ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষেও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর বলে জানানো হয়।
