গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম : পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালর্দী এলাকায় অবস্থিত মারকাজুত তাহফিজ ক্যাডেট মাদ্রাসা-এ এক বর্ণাঢ্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ পালর্দী (গৌরনদী মৎস্য বিপণন কেন্দ্র ফিসারী) সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে আজ ১০ রমজান, ২৮ ডিসেম্বর বিকেলে এ আয়োজন করা হয়।
রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে এবং দেশ-জাতির কল্যাণ কামনায় এই মাহফিলের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি মোঃ মোল্লা মাহফুজ। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আমাদের আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইকরা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল বাসার। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী ও উপস্থিত মুসল্লিদের নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব মুফতি মুইনুল ইসলাম, যিনি আয়োজনের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধি করাই রমজানের মূল শিক্ষা এ কথাও তুলে ধরা হয়।
আধ্যাত্মিক পরিবেশ, কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে ইফতার মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
