পশ্চিম শাওড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নর পশ্চিম শাওড়া যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৮ই রমজান এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়র সাবেক প্রধান শিক্ষক জনাব সৈয়দ আতাউর রহমান। তিনি তার বক্তব্যে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে যুব সমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস এই মাসের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব তাইফুর রহমান কচি। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা ও সদস্য সচিব মুহিত শরীফ। তারা তাদের বক্তব্যে এমন আয়োজনকে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সালেক মোল্লা, আবু কালাম শরীফ, বিন্দু মাহমুদ, নুর আমিন, শাওন সরদার, মামুন সরদার, সাগর সরদারসহ স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ঐক্য, দেশের উন্নয়ন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।

আয়োজকরা জানান, যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখা, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

Leave a Reply