কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামে এক কৃষকের রান্নাঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সহায়তায় অল্পের জন্য রক্ষা পায় ভূক্তভোগীর বসতঘর।
ভূক্তভোগী আব্দুল বারেক শেখ (৭৫) এই প্রতিবেদককে জানান, শুক্রবার সন্ধ্যার পর মাগরিবের নামাজ আদায় শেষে পার্শবর্তী একটি বাড়িতে অবস্থান করছিলেন। এরপর হঠাৎ করেই স্থানীয়দের ডাক চিৎকারে বাড়ির মধ্যে ছুটে গিয়ে দেখতে পান যে তার রান্নাঘরটি দাউ দাউ করে আগুন জ্বলছে । এ সময় প্রতিবেশীদের সহায়তায় পানি দিয়ে আগুন নেভায় বারেক। তবে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারার কারণে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পায় বারেকের বসতঘরটি।
তিনি জানান, স্থানীয় কয়েক প্রতিবেশীর সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার দ্বন্দ্ব আছে। এরই জেরে ঘরে আগুন দেওয়া হয়েছে বলে দাবি তার। অগ্নিকান্ডে বারেকের অন্তত এক লক্ষ টাকা ক্ষতি হয়েছে দাবি করে পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি। তবে এ ঘটনার পর চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও অভিযোগ করেন বারেক।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফাতেমা আক্তার বলে ন, সন্ধ্যার পর আগুন লাগা ঘরটির আশপাশে অন্ধকারের মধ্যে দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেছেন তিনি। তার দাবি ওই দুই ব্যক্তিই ঘরটিতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েছে।
স্থানীয় সুমন শেখ বলেন, আগুন জ্বলার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌছান। এরপর পুলিশের জরুরী সেবা ৯৯৯ ফোন করে পিরোজপুর সদর থানা পুলিশকে অগ্নিকান্ডের বিষয়টি অবহিত করেন।
বারেকের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর
