পিরোজপুরে দোকান ভাঙচুর ও জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর শহরের কালিবাড়ী রোডে একটি দোকান জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা ও মালামাল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আসলাম সিকদার (৬০) পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আসলাম সিকদার দীর্ঘদিন ধরে পিরোজপুর কালিবাড়ী রোডে ময়নুল হুদা চৌধুরীর মালিকানাধীন একটি দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে জাহাঙ্গীর হোসেন বাচ্চু (পিতা—মৃত জয়নাল আবেদিন) তার ছেলে রাজিবসহ কয়েকজন সহযোগী নিয়ে দোকানে প্রবেশ করে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দোকানঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ফেলে এবং ব্যবসার বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। একই সঙ্গে তারা জোরপূর্বক দোকানঘর দখলের চেষ্টা চালায়, যার ফলে ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগে আরও জানান, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে পুনরায় দোকান দখল ও মালামাল নষ্টের আশঙ্কা করছেন তিনি।
এ বিষয়ে মোঃ আসলাম সিকদার দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দোকানঘর জোরপূর্বক দখল ও ভাঙচুর বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিরোজপুর সদর থানার হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply