পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের আল্টিমেটাম

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থীর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সাবেক পিরোজপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাইনখালি মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মহিউদ্দিন মল্লিক (নাসির)-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে স্থানীয় মল্লিকবাড়ি বাসস্ট্যান্ডে মানববন্ধনে শংকরপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় জনতা নাসির মল্লিকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
শংকরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁন, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু।
মানববন্ধনে বক্তারা বলেন, নাসির মল্লিকের ওপর মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আগামী দুই দিনের মধ্যে যদি তাদের গ্রেফতার করা না হয়, তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

Leave a Reply