তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এম. জহির উদ্দিন স্বপন

মোহাম্মদ আলী বাবু, গৌরনদী, বরিশাল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ নিয়েছেন এম. জহির উদ্দিন স্বপন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি বিএনপির মিডিয়া সেলের সাবেক চেয়ারম্যান ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এদিন সকালে প্রথমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর নেতৃত্বে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে পর্যায়ক্রমে অন্যান্য সদস্যরাও শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন জহির উদ্দিন স্বপন। এর আগে ২০০১ সালেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে গৌরনদী-আগৈলঝাড়ার প্রতিনিধিত্ব করেন।
দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের মাধ্যমে তিনি গণমাধ্যমের উন্নয়ন ও তথ্যপ্রবাহে স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Leave a Reply