আমরা চাই আমাদের মা-বোনরা বিবি খাদিজার মতো কর্মঠ, শিক্ষিত ও উদ্যোক্তা হোক— এম. জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : মোঃ ইয়াদুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ইসলাম কখনোই নারীদের গৃহবন্দি করে রাখার শিক্ষা দেয় না। বরং ইসলামের ইতিহাসে বিবি খাদিজা (রা.) একজন সফল নারী উদ্যোক্তা ও কর্মঠ ব্যবসায়ীর অনন্য উদাহরণ। তিনি বলেন, আমরা নারী স্বাধীনতা ও ধর্মপ্রাণ নারীর আদর্শ হিসেবে বিবি খাদিজাকেই চিনি। আমাদের মা-বোনরা বিবি খাদিজার মতো কর্মজীবী হবে, ব্যবসা করবে, চাকরি করবে এবং শিক্ষিত হবে এই স্বপ্ন আমরা দেখি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম. জহির উদ্দিন স্বপন বলেন, “ধর্মের নামে যারা নারীদের ঘরে আবদ্ধ রাখতে চায়, যারা নারী শিক্ষার বিরোধিতা করে তারা আসলে ধর্মব্যবসায়ী। তাদেরকে চিনে রাখতে হবে, চিহ্নিত করে রাখতে হবে এবং আমাদের মা-বোনদের কাছেও তাদের পরিচয় তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, যারা নারীদের অশিক্ষিত রাখতে চায়, সমাজ থেকে পিছিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি নারী ভোটারের কাছে গিয়ে এই বার্তা পৌঁছে দিতে হবে।

সভাপতিত্বে করেন গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপনের

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলায় বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরদার ও মোঃ জাকির হোসেন রাজা, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, পৌর কৃষক দলের আহ্বায়ক কামাল লস্কর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সরোয়ার হোসেন পান্নু এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।

এম. জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশের বিগত তিনটি জাতীয় নির্বাচন ফ্যাসিবাদী সরকার কখনো একতরফা, কখনো নিশিরাতের ভোট, আবার কখনো ডামি নির্বাচনে পরিণত করেছে। জনগণ এসব নির্বাচনে অংশ নেয়নি। এর ফলেই মাত্র সাত মাসের মাথায় সাধারণ জনগণের চাপে সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তিনি বলেন, গায়ের জোরে ক্ষমতায় গেলে কিংবা জোর করে ক্ষমতায় থাকতে চাইলে তার পরিণতি কী হয় শেখ হাসিনার করুণ দশাই তার সবচেয়ে বড় প্রমাণ।

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

Leave a Reply