গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদীতে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের নির্বাচনী প্রচারণা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদ এশা গৌরনদী উপজেলার টরকী এলাকার সাবেক ভিপি স্বপনের বাসভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এর পক্ষে ডেনমার্ক প্রবাসী সাবেক ভিপি স্বপন তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালানোর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর এলাকার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থক ও নেতাকর্মীরা। এ সময় নির্বাচনী প্রচারণা কৌশল, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, উঠান বৈঠক ও গণসংযোগ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। প্রস্তুতি সভাটি সফলভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
