যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর আয়োজনে গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি মোঃ ইয়াদুল ইসলাম

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে বরিশালের গৌরনদী উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এ সময় উপজেলা প্রশাসন, গৌরনদী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা, বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯টায় গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপনের পরিসমাপ্তি ঘটে।