রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইট ভাটায় ১৯ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে মোট উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে পরিচালিত হওয়ায় আরো দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়।মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী উপজেলার ধানগড়া ও ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।

এ সময় সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ, র‍্যাব ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে দেখা যায়, উপজেলার কয়েকটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশগত বিভিন্ন বিধি-বিধান লঙ্ঘন করা হচ্ছিল। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত ভাটাগুলোর মধ্যে রয়েছে মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স প্রত্যয় ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স আরএফবি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মেসার্স বর্ণ ব্রিকস ও মেসার্স আরএফবি ব্রিকস নামের দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল জানান, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

error: Content is protected !!