বাঁশখালীতে ব্যবসায়িক অফিস ভাঙচুর ও চেয়ারম্যানকে পরিষদে প্রবেশে বাধা: প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সির ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং তাকে অবৈধভাবে ইউনিয়ন পরিষদে প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে বাহারছড়া ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বশির উল্লাহ মিয়াজি বাজারের পশ্চিম কুল থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহারছড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং জালাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট শওকত ওসমান, সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, এডভোকেট কাজী মুফিজুর রহমান, এডভোকেট জসিম উদ্দিন, জামায়াত নেতা ডা. হারেজ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ বাহার চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, চেয়ারম্যানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং তাকে পরিষদে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

error: Content is protected !!