‎মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউপি চেয়ারম্যান খোকনের দায়িত্ব পালনে আর বাধা নেই: হাইকোর্ট

এস এম শাহ আলম স্টাফ রিপোর্টার : ‎ মেহেন্দিগঞ্জ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ০১ নং আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন খোকনের ওপর অর্পিত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা স্থগিতের আদেশ আগামী ছয় মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। এর ফলে তিনি পুনরায় স্বপদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।
‎গত ১০ মার্চ ২০২৬ তারিখে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা) থেকে প্রকাশিত এক স্মারকপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সহকারী পরিচালক আব্দুল্লাহ হেল মাফি স্বাক্ষরিত ওই পত্রে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। ‎উল্লেখ্য, গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক আদেশের মাধ্যমে আন্দারমানিক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনের ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জনাব আবু বকর সিদ্দিককে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছিল।
‎জেলা প্রশাসনের ওই আদেশের বিরুদ্ধে চেয়ারম্যান নাসির উদ্দিন খোকন মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (নং-২০০৯৪/২০২৫) দায়ের করেন। উক্ত রিটের শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞ আদালত জেলা প্রশাসনের জারীকৃত ওই ক্ষমতা হস্তান্তরের আদেশটি ৬ (ছয়) মাসের জন্য স্থগিত করার নির্দেশ প্রদান করেন। ‎ আদালতের নির্দেশনা মোতাবেক, বরিশাল জেলা প্রশাসন গত ১০ মার্চের পত্রে জানিয়েছে যে, প্যানেল চেয়ারম্যানকে ক্ষমতা অর্পণের আগের আদেশটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আগামী ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে। একই সাথে বিষয়টি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।‎এই আদেশের ফলে আন্দারমানিক ইউনিয়ন পরিষদের অচলাবস্থা নিরসন হবে এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক গতিতে ফিরবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

error: Content is protected !!