আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনের দাবিতে খাগড়াছড়িতে ডিসি বরাবর স্মারকলিপি ৭ দফা দাবি উত্থাপন, দ্রুত নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠনের আহ্বান

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের নির্বাচনসহ ৭ দফা দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) নেতৃবৃন্দ খাগড়াছড়ি জেলা প্রশাসকের (ডিসি) নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

রবিবার (০১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনগুলোর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা লিখিত স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কাঠামো, নির্বাচন ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— নির্বাচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ গঠন, পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি, প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, নিরাপত্তার স্বার্থে ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, সেনাক্যাম্পগুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিল।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসার হোসেন রনি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি সোহেল রানা ও বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম, পিসিএনপি জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান, কলেজ কমিটির সভাপতি মাকসুদুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জোনায়েদ এবং প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে আঞ্চলিক ও জেলা পরিষদে নির্বাচন না হওয়ায় জনগণের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ সীমিত হয়ে পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে অবিলম্বে নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠন এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তারা।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণের আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply