গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, মোঃ ইয়াদুল ইসলাম : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গৌরনদী পৌরসভা ৩নং ওয়ার্ডের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) ১১ রমজান লাখেরাজ কসবাস্থ কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী আবুল আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নু এবং গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশীদ ও মোঃ বাবুল দর্জি।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ সিরাজ সরদার, গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাব, মোঃ শহিদ সিকদার, যুব নেতা নুরু উদ্দিন বুদ্ধি, মোঃ জাকির হাওলাদার, মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা গ্রহণের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
