দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার, আটক১

মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে চলমান অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিরল সীমান্তে পৃথক দুই বিশেষ অভিযানে গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ৪২ বিজিবি। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।

রোববার (১ মার্চ) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৭টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির একটি দল বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৫-এস থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আকরগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ কাইছার আলী (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৮ পুরিয়া গাঁজা এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটক ব্যক্তি বিরল উপজেলার এম নগরবাড়ী গ্রামের বাসিন্দা। পরে বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিকে উদ্ধারকৃত গাঁজা ও অটোরিকশাসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, আজ ভোর ৩টা ১০ মিনিটে একই ব্যাটালিয়নের ভান্ডারা বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৭/১-আর থেকে প্রায় ৬০০ গজ ভেতরে বৈরাগীপাড়া গ্রামে আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অটোরিকশার মোট সিজার মূল্য এক লাখ ৩০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply