মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার আনুমানিক ৯টা ৪৫ মিনিটে হাকিমপুর থানাধীন ০১ নং খট্টামধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড় এলাকায় জনৈক মোঃ তুফানুর বসতবাড়ির আঙিনায় অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেন।
অভিযানকালে গ্রেফতারকৃতদের নিকট থেকে সর্বমোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ থানায় এজাহার দাখিল করলে মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ পলাশ হোসেন (৩৮), পিতা-মোঃ তুফানু, মোঃ জুয়েল হোসেন (৩৭), পিতা-মৃত ইস্রাফিল হোসেন, মোঃ লাল চান আলী (২৭), পিতা-মৃত খোদাবক্স, পিয়ারুল ইসলাম (২৭), পিতা-মোঃ শাহাজ উদ্দিন, মোঃ আজাদুল ইসলাম (৩৮), পিতা-মোঃ বাঁশি, মোঃ শাহিন বাবু (৩২), পিতা-মৃত কপিল উদ্দিন, মোঃ মারুফ হোসেন (১৯), পিতা-মোঃ রহিদুল ইসলাম, মোঃ নুর জামান (৩৬), পিতা-মোঃ কামিনুর ইসলাম, তাদের মধ্যে অধিকাংশের বাড়ি মাধবপাড়া (আলুহাটি মোড়), থানা-হাকিমপুর এবং কয়েকজনের বাড়ি উত্তর কাটলা ও চন্ডীপুর (কাটলা), থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর। এ ঘটনায় হাকিমপুর থানা-এর মামলা নং-০৬/২০, তারিখ ২৬/০২/২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
