বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে চলমান উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য জহিরুল ইসলাম।
সম্প্রতি তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় কাজের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জানা যায়, উপকূলীয় এ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে জোয়ার-ভাটা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ভাঙন এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। এতে করে উপকূলবর্তী এলাকার বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত ও টেকসইভাবে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
এমপি জহিরুল ইসলাম বলেন, উপকূলীয় জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না এবং জনগণের স্বার্থ সবার আগে বিবেচনা করা হবে।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দ্রুত কাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকায় নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত হবে।
