গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমকে নতুন তথ্যভিত্তিক ধারায় এগিয়ে নিতে কাজ করছে সরকার। আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিক সমাজকে প্রস্তুত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের গণমাধ্যমের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা চর্চা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমরা চাই গোটা সাংবাদিক সমাজ আধুনিক বিশ্বে যে স্বাধীনতা ও পেশাদারিত্ব অনুসরণ করা হয়, সে মানদণ্ডে নিজেদের গড়ে তুলুক। এ লক্ষ্যেই একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে।”
তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কাজ করছে। সাংবাদিকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধির বিষয়েও মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে।
প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সহ-সভাপতি এম আলম, সাবেক সহ-সভাপতি এইচ এম নাসির উদ্দিন, সহ-সম্পাদক আমিনা আকতার সোমা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী বাবু, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, উত্তম দাসসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় সাংবাদিকরা গণমাধ্যমের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
