ইভটিজিংয়ে বাধা, বাড়িতে হামলা—কিশোরকে পিটিয়ে মৃত্যুশয্যায়

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় রবিউল মোল্লা নামে এক যুবকের ওপর ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তার বাড়িতে চলমান বিয়ের অনুষ্ঠানের সময় খালাতো ভাই মোঃ আলাউদ্দিন (১৮)-এর ওপর হামলা চালায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার সূত্রে জানা যায়, টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া এলাকার মিরাজ খানের ছেলে রবিউল খানসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়ই ইভটিজিং করত। মঙ্গলবার বিকেলে তারা একটি মেয়েকে উত্ত্যক্ত করলে স্থানীয় বাসিন্দা রবিউল মোল্লা (২৫) তাদের জিজ্ঞাসাবাদ করেন। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয় এবং একপর্যায়ে তারা এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়।
এরপর বিকেল পাঁচটার দিকে তারা দলবল নিয়ে লোহার রড, লাঠিসোটা নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আলাউদ্দিন নামে এক কিশোরকে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে তার বাম কানে গুরুতর জখম হয়। এছাড়াও আরও চারজন আহত হন। হামলাকারীরা নারীদের কাপড়চোপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। এক নারীর প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনতাই এবং নগদ অর্থ লুট করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আলাউদ্দিনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কবির মোল্লা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিবাদীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস বলেন, মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টির তদন্ত চলমান এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply