বদরুজ্জামান সুজন, নেছরাবাদ উপজেলা : পিরোজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) শপথ গ্রহণ করবেন। তিনি বিষয়টি নিশ্চিত করে দলীয় নেতাকর্মীদের দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা পরে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুমন। সাক্ষাৎকালে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও পিরোজপুর-২ আসনের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
এক বার্তায় সুমন বলেন, নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, পিরোজপুর-২ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
এছাড়া শপথ গ্রহণ শেষে তিনি খালেদা জিয়া–এর কবর জিয়ারত ও দোয়ায় অংশগ্রহণ করবেন বলে জানান। এ উপলক্ষে ঢাকাস্থ পিরোজপুর জেলার নেতাকর্মীদের জিয়ারতে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
দোয়া ও জিয়ারত অনুষ্ঠান আগামীকাল দুপুর ১২টায় জিয়া উদ্যান–এর প্রবেশদ্বার ব্রিজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আহম্মদ সোহেল মনজুর সুমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত হয়ে পিরোজপুর-২ (নেছারাবাদ ,কাউখালী ,ভান্ডারিয়া উপজেলা) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
