সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পৌর যুবদল নেতা রাশেদ উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি মোঃ ইয়াদুল ইসলাম

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা হয়রানিমূলক একাধিক মামলায় কারাবরণকারী দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার উদ্দেশ্যে কুষ্টিয়া জেলার উদ্দেশে রওনা দিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৌরনদী পৌর যুবদলের অন্যতম নেতা রাইসুল ইসলাম (রাশেদ)।

ঘটনাটি ঘটে গত ১৯ ডিসেম্বর বেলা আনুমানিক ১২টার দিকে। বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রাকালে কুষ্টিয়া জেলার খোকসা এলাকায় মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তার বাম হাতের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

আহত রাইসুল ইসলাম (রাশেদ) গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক, শাহবাগ থানার তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলার গাছা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে গৌরনদী পৌর যুবদলের একজন ত্যাগী ও পরিচিত নেতা হিসেবে পরিচিত।

দুর্ঘটনার পর তাকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২০ ডিসেম্বর সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ প্রেরণ করা হয়।

গুরুতর আহত রাইসুল ইসলাম (রাশেদ)-এর দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে।