রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা: শ্রমিক দল নেতার পদ স্থগিত ইফতার বিতরণে বাধার অভিযোগে রায়গঞ্জে শ্রমিক নেতা বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা ও গোলযোগের অভিযোগে এক ইউনিয়ন শ্রমিক দল নেতার সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে ঘুরকা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা সৃষ্টি ও গোলযোগের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার বিতরণ চলাকালে কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় শ্রমিক দল নেতা মুক্তার হোসেনের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে। পরে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিষয়টি অবগতির জন্য জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!