বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে রমাদান ফুডপ্যাক বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি, গুনাগরি শাখা। মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত এই মানবিক কর্মসূচিতে স্থানীয় অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাহমুদ আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবসেবার মাস। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক সবসময়ই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। বিশেষ অতিথি মোহাম্মদ মাহমুদ আলম বলেন, রমজানের এই পবিত্র মাসে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যাংকের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে রমাদান ফুডপ্যাক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাবে। আয়োজনে ছিল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি, গুনাগরি শাখা।
