পিরোজপুর প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্পিত ফুলের শুকনো পাপড়ি ও ময়লা-আবর্জনায় অপরিচ্ছন্ন হয়ে পড়া পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম আকন, সাধারণ সম্পাদক মুহাঃ নাঈমুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাঃ আরিফুল ইসলাম সরদার, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাঃ কাউসার আহমেদসহ জেলা পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের প্রতি শ্রদ্ধা শুধু একদিন ফুল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সারা বছর স্মৃতিচিহ্নগুলোর পরিচ্ছন্নতা ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই শহীদ মিনার প্রাঙ্গণকে আবারও সুশৃঙ্খল ও সম্মানজনক অবস্থায় ফিরিয়ে আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় নেতৃবৃন্দ দেশ, জাতি ও ইতিহাসের স্মৃতিচিহ্ন সংরক্ষণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
