আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা বিভক্তির রাজনীতি চাই না। আমরা ঐক্যের রাজনীতি করতে চাই। জনগণের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন আরও বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মাঠপর্যায়ে কাজ করার জন্য আহ্বান করছি।
সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র, ন্যায্য ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন ও সংগ্রাম চলছে, সেই ধারাবাহিক লড়াইয়ের অংশ হিসেবে আমরা আজকের এই রাজনৈতিক অবস্থান নিয়েছি। উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের হাতে ফুল দিয়ে ধানের শীষ মার্কার প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি প্রার্থীর মিডিয়া সেলের আহবায়ক জহুরুল ইসলাম জহির, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সোলায়মান তুহিন, সাধারণ সম্পাদক নিশান হাওলাদার, আগৈলঝাড়া শাখার সভাপতি নাজিরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা। সভায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
