গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম : কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের অন্ধ হাফেজ মোঃ আবুল হাসান বেপারি (রাসেল) (৩৪) এর পাকা ঘর নির্মাণে এগিয়ে এসেছে স্থানীয় যুবসমাজ ও গৌরনদী উপজেলার একদল মানবিক তরুণ।
অন্ধত্বের অন্ধকারে থেকেও ধর্মীয় শিক্ষায় আলোকিত জীবন গড়ে তোলা হাফেজ আবুল হাসান বেপারি পিতা মৃত আদেল বেপারির সন্তান। দীর্ঘদিন ধরে মানবেতর অবস্থায় বসবাস করলেও একটি নিরাপদ পাকা ঘরের স্বপ্ন দেখছিলেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে এলাকার তরুণরা উদ্যোগ গ্রহণ করেছে।
উদ্যোক্তারা জানান, একটি টেকসই পাকা ঘর নির্মাণে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হবে। ইতোমধ্যে স্থানীয়ভাবে চাঁদা সংগ্রহ করে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। বাকি অর্থ সংগ্রহের জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ বিষয়ে একই মাদ্রাসায় অধ্যয়নরত তার বন্ধু হাফেজ মোঃ হেলাল বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি রাসেলের জন্য একটি নিরাপদ ঘর তৈরি করতে। এখন পর্যন্ত আড়াই লক্ষ টাকার মতো সংগ্রহ হয়েছে। সবার আন্তরিক সহযোগিতা পেলে খুব দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব হবে। রাসেলের রয়েছ স্ত্রী ও ১ ছেলে সন্তান।
মানবিক এই উদ্যোগে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয়দের আশা, সমাজের সচেতন ও বিত্তবানরা এগিয়ে এলে অন্ধ হাফেজ আবুল হাসানের মাথা গোঁজার স্থায়ী ঠিকানার স্বপ্ন শিগগিরই পূরণ হবে।
