সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ ) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কালীবাড়ি কড়িতলা রোডস্থ ‘কমলাফুল ফার্মেসি’ প্রজেক্টের মাধ্যমে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Jhpiego Bangladesh, সহযোগিতায় ছিল United Nations Population Fund (ইউএনএফপিএ) এবং অর্থায়নে ছিল City Bank।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জ্যাপাইগো বাংলাদেশের প্রজেক্ট স্পেশালিস্ট আফজাল হোসেন,সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ জাহিদুল হক এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব।
বক্তারা বলেন, এ কর্মশালায় প্রায় ১৬০ জন নারী ও কিশোরী অংশগ্রহণ করেন। তারা পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, নিরাপদ গর্ভপাত, যৌনবাহিত রোগ, জরায়ু ক্যান্সার, ফিস্টুলা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতা লাভ করেন।তারা আরও জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের কাছে সঠিক তথ্য ও পরামর্শ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। অংশগ্রহণকারীদের পাশাপাশি তাদের পরিবার ও পরিচিতদেরও যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য কমলাফুল ফার্মেসিতে আসার আহ্বান জানানো হয়। সেখানে সেবা গ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্য প্রদান ও উপযুক্ত প্রতিষ্ঠানে রেফারাল সেবা নিশ্চিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেমিস্টস এন্ড ড্রাগিস্টস জেলা শাখার গৌর চন্দ্র ঘোষ,সহ সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি কার্তিক চন্দ্র বর্মণ কার্যকরী সদস্য মো: রাফি ও মো: রিপন প্রমুখ।
উল্লেখ্য,কর্মশালায় সিটি ব্যাংকের প্রতিনিধি,সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য,বিসিডিএস প্রতিনিধি, ফার্মাসিস্ট,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী ফার্মেসি সহযোগীরা উপস্থিত ছিলেন। এ ধরনের সচেতনতামূলক আয়োজন নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
