গৌরনদী (বরিশাল) প্রতিবেদন: মোঃ ইয়াদুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার নীলখোলা পান আড়তে পান চাষিদের সঙ্গে এক মতবিনিময় ও সমাবেশে অংশগ্রহণ করেন। নীলখোলা পান আড়ত মালিকদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশটি অনুষ্ঠিত হয় ৮ ফেব্রুয়ারি, রবিবার বাদ এশা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন পান চাষিদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় পান চাষিরা বলেন, পান চাষ বর্তমানে ব্যয়বহুল হয়ে উঠেছে। সার ও কীটনাশকের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, কিন্তু সরকারিভাবে তারা কোনো প্রকার সহযোগিতা পাচ্ছেন না। পান চাষে বিপুল খরচ হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক চাষি লোকসানের মুখে পড়ছেন।
চাষিরা আরও দাবি করেন, দেশের উৎপাদিত পান বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হলে তারা ন্যায্যমূল্য পাবেন এবং এ খাত নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এজন্য সরকারের সুস্পষ্ট নীতি, রপ্তানি সুবিধা ও আর্থিক সহায়তা প্রয়োজন বলে তারা মত দেন।
পান চাষিদের দাবির জবাবে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন,
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে পান চাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। আপনাদের যৌক্তিক সব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পান রপ্তানির বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে আন্তর্জাতিক বাজারে দেশের পান একটি পরিচিত পণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, পান থেকে ওষুধ বা মেডিসিন তৈরি করা যায় কি না, সে বিষয়েও তিনি উদ্যোগ নেবেন।
আমার সঙ্গে একাধিক ল্যাবরেটরির যোগাযোগ আছে। পানকে কীভাবে ঔষধি বা শিল্পখাতে ব্যবহার করা যায়, তা নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব বলেন তিনি।
সমাবেশে উপস্থিত পান চাষি ও আড়ত মালিকরা জহির উদ্দিন স্বপনের আশ্বাসে আশাবাদ ব্যক্ত করেন এবং তাদের পাশে থাকার প্রত্যাশা জানান। সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।
