বাঁশখালীতে হিন্দুদের শ্মশানের উপর চলাচল রাস্তা বানানোর চেষ্টা, ক্ষোভ, উত্তেজনা শ্মশানের নিরাপত্তায় নারী পুরুষের পাহারা!

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে হিন্দুদের শ্মশানের উপর চালাচল রাস্তা বানানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। শ্মশানের নিরাপত্তায় এবং দখলদারদের হামলার আশংকায় সেখানে শত শত নারী পুরুষ পাহারা বসিয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর শ্মশানের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ চলমান থাকলেও শত শত নারী পুরুষ হামলার আশংকায় শ্মশানেই অবস্থান নিয়েছে। বসিয়েছেন পাহারা এবং সেখানেই সারছেন খাওয়া দাওয়া। উপজেলার সাধনপুর ইউপির উত্তর সাধনপুর-দক্ষিণ বাণীগ্রাম মাস্টারপাড়া মহা শ্মশানে এই ঘটনা ঘটে।

উক্ত এলাকায় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, স্থানীয় আবু শরিফ ও জিহানের নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা শত বছরের এই শ্মশান দখল করে ওই শ্মশানের উপর দিয়ে চলাচল রাস্তা করার অপচেষ্টা করেন। কয়েকশত লোকজন এসে শ্মশানের কাজে বাঁধা দেওয়ার পাশাপাশি চলাচল রাস্তা করার চেষ্টা করেন। দখল চেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) সকালে সেখানে শতাধিক বহিরাগত লোকজন এসে হামলার চেষ্টা চালায়। তারা শ্মশানের গাছ কেটে ফেলেন এবং মালামাল লুট করেন। খবর পেয়ে মাস্টারপাড়ার নারী পুরুষ এসে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। শ্মশান ও মন্দির কমিটির সভাপতি মতিলাল সেন জানান, শত বছর ধরে আমাদের এই শ্মশান। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী শ্মশানের পিছনে জায়গা কিনে জোরপূর্বক আমাদের পবিত্র স্থান শ্মশানের উপর দিয়ে চলাচলের চেষ্টা করছে। আমরা এটা কখনো মেনে নিতে পারিনা। স্থানীয় শলিল দে, ভূপুতি রন্জন দে, অশিত কুমার সেন, মধু সুধন দত্ত ও চপল কান্তি দে জানান, আমাদের শত বছরের ঐতিহ্যবাহী এই মাস্টারপাড়া মহা শ্মশান। এটি আমাদের ধর্মীয় পবিত্র স্থান। ভূমিদস্যুরা শ্মশানের পাশে জায়গা কিনে আমাদের পবিত্র স্থান দখল করতে অপচেষ্টা করছে।

বাঁশখালী থানার এসআই মোহাম্মদ ইকবাল জানান, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোন ধরনের হামলা বা দখলবাজির আশংকা নেই।

Leave a Reply

error: Content is protected !!