মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার কথা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে প্রায়ই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না দিনাজপুরের হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবীব, এমন অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।
রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা যায়, অধিকাংশ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়েই কর্মস্থলে উপস্থিত রয়েছেন। তবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে গিয়ে দেখা যায়, সেখানে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবীব অফিসে উপস্থিত নেই। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের পিয়ন বেলাল হোসেন বলেন, আমরা ছোট মানুষ। স্যার কখন আসেন, কখন যান, সেটা আমরা বলতে পারি না।
একই দপ্তরের মেকানিক ফয়জুল আহমেদ বলেন, স্যার এখনও অফিসে আসেননি। কখন আসবেন সেটিও বলতে পারছি না। তবে আমি অফিসে উপস্থিত আছি। এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবীবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জেলায় আছি। এ কথা বলেই তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ব্যাপারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। তাদের নিজস্ব দপ্তর রয়েছে, তারাই বিষয়টি দেখবেন। দিনাজপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন বলেন, বিষয়টি জানলাম। আমি বর্তমানে ঢাকায় আছি। ঢাকা থেকে ফিরে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সরকার নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে। এরপরও কিছু দপ্তরে কর্মকর্তা- কর্মচারিদের সময়মতো উপস্থিত না হওয়ার অভিযোগ মাঝে মাঝে শোনা যায়।
